নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন। তবে এই ছুটির আগে কর্মদিবস নিশ্চিত করতে আগামীকাল শনিবার এবং গত শনিবার (১৭ মে) সরকারি অফিসগুলো খোলা রাখা হয়েছে।
ফলে ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত মোট ১০ দিনের ছুটি উপভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।
এছাড়া ১৭ ও ২৪ মে—এই দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ছুটির আগের কাজের স্বাভাবিক গতি বজায় থাকে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়, “অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দি ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস”-এর অধীনে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তবে এই ছুটির আওতায় থাকছে না জরুরি সেবাসমূহ। যেমন— বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন-ইন্টারনেট, ডাক সেবা ও সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।
একইসঙ্গে হাসপাতাল, চিকিৎসা সেবা ও এ সংক্রান্ত কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহণে নিয়োজিত কর্মীরাও এই ছুটির আওতায় থাকবেন না।
সরকার বলেছে, ঈদ উপলক্ষে জনগণের ভোগান্তি কমাতে এবং দাপ্তরিক কাজের ধারাবাহিকতা রক্ষা করতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
