স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দুই কর্মকর্তার শাস্তির দাবি
নভেম্বর ১৩ ২০২৪, ১৪:৪৮
নিজস্ব প্রতিবেদক ॥ হিজলায় স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরের লঞ্চঘাট সিভিল সার্জন অফিসের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ মাজেদুল হক কাওছার এবং এমটি ইপিআই মো. লোকমান হোসেন মিয়া গত আগস্ট মাসে মেয়াদোত্তীর্ণ হাম-রুবেলা টিকা সরবরাহ করেন। যা প্রয়োগ করলে শিশুর মৃত্যুঝুঁকি বেড়ে যেতে পারে।
এই অনিয়মের বিরুদ্ধে কথা বলায় স্বাস্থ্যকর্মীদের প্রতি অশোভন আচরণ বৃদ্ধি পায়। তারা দাবি করেন, ওই কর্মকর্তারা তাদের সহকর্মীদের সার্ভিস বইয়ে লাল কালি ব্যবহার এবং পাতা ছিঁড়ে ফেলাসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন। এক পর্যায়ে গত ২ নভেম্বর গঠিত তদন্ত কমিটির সামনে উপস্থিত থাকতে বললে তারা দেখতে পান, উপজেলা কর্মকর্তা হলরুম তালা দিয়ে রেখেছেন। এর কিছু সময় পর উপজেলা কর্মকর্তা ডা. মাজেদুল হক কাওসারের নির্দেশে ভাড়াটিয়া সন্ত্রাসীরা স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা চালায়।
স্বাস্থ্য সহকারীদের দাবী ডা. মাজেদুল হক কাওসার এবং মো. লোকমান হোসেন মিয়াকে তাদের বর্তমান কর্মস্থল হিজলা থেকে অবিলম্বে প্রত্যাহার করা হোক। এছাড়া, তাদের প্রাপ্য ২৫ লাখ টাকা ফেরত দেওয়ার দাবিও জানানো হয়। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, বরিশাল বিভাগের সভাপতি মো. জিয়াউল হাসান কাবুল, জেলা এবং উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ও সদস্যরা।
