‘কোনো এনজিও যেন মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন না করে’
নভেম্বর ০২ ২০২৪, ১৮:১৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মোস্তাকুর রহমান বলেছেন, কোনো এনজিও যেন মানিলন্ডারিং ও সন্ত্রাস অর্থায়নের মাধ্যম হিসেবে ব্যবহৃত না হতে পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।
দেশের অভ্যন্তরে এবং বিদেশে লুকিয়ে থাকা সন্ত্রাসী গোষ্ঠী অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে অর্থের প্রলোভনে খুব সহজেই সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে থাকে। তাই যেসব এনজিও প্রতিষ্ঠান প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের নিয়ে কাজ করেন তাদের এ বিষয়ে সতর্ক থাকার জরুরি।
শনিবার (২ নভেম্বর) দুপুরে নগরীর একটি হোটেলে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এনজিওর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উদ্যোগে এবং একশন এইড বাংলাদেশ, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।
মোস্তাকুর রহমান আরও বলেন, যেসব বিদেশি দাতাসংস্থা হতে এনজিওতে অনুদান ও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে তাদের পরিচিতি সম্পর্কে নিশ্চিত হতে হবে। এক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তালিকাভুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে সহায়তা গ্রহণের বিষয়ে সজাগ থাকতে হবে।
এই সেক্টরকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নমুক্ত রাখতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) মানতে হবে। এছাড়া সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ ও তৎসহ বিধিমালাদ্বয় এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নিয়ম যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান তিনি।
এসময় একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক আনোয়ার হোসেন, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের সহকারী কান্ট্রি ডিরেক্টর আজাহার আলী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স উপদেষ্টা মামুন উর রশিদ। শুভেচ্ছা বক্তৃতা দেন, একশনএইড বাংলাদেশের ক্যামেলকো রফিকুল ইসলাম ।
দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় এনজিও সেক্টরেরর মাধ্যমে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক ৬টি সেশন অনুষ্ঠিত হয়।
এনজিও এ্যাফেয়ার্স ব্যুরোর পরিচালক আনোয়ার হোসেন এবং বিএফআইইউর অতিরিক্ত পরিচালক মশিউর রহমান, যুগ্ম পরিচালক ইসমাইল প্রধান ও দিলীপ চন্দ্র দাস প্রশিক্ষণ প্রদান করেন।
