কলাপাড়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

অক্টোবর ০৬ ২০২৪, ১৪:১২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে লাবিব (৬)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের আমিরাবাদ এলাকায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।নিহত লাবিব কুয়াকাটার বাসিন্দা। সে পর্যটন ব্যবসায়ী জাকারিয়া জাহিদের ছেলে।

লাবিবের চাচা আলমগীর হোসেন জানান, দুদিন আগে বাবা মায়ের সঙ্গে নানা আইয়ূব আলীর বাড়ি পাখিমারা বেড়াতে আসে লাবিব। তবে ঘটনার দিন সকালে নানী ফজিলা বেগমের সঙ্গে হাঁটতে বের হয়। এ সময় তার ছোট ভাই মিয়াদকেও (২) নিয়ে যায়।

হাঁটা শেষে আমিরাবাদ থেকে একটি অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিল তারা। কিছু দূর আসতেই অন্য আরেকটি অটোরিকশা তাদের অটোরিকশাটিকে সামনে থেকে এসে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে লাবিব মাথায় গুরুতর আঘাত পায়।

দ্রুত উদ্ধার করে লাবিবকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। কিছু সময় পর চিকিৎসাধীন মারা যায় লাবিব। তবে ছোট ভাই মিয়াদ সুস্থ স্বাভাবিক আছে বলে জানান চিকিৎসক।

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন....