বানারীপাড়ায় মাদরাসা শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সেপ্টেম্বর ০৮ ২০২৪, ১৯:৫৩

আমার বরিশাল ডেস্ক,

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় মাদরাসার শিক্ষক,অভিভাবক ও শিশু শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালণ করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মুরারবাড়ি নুরাণী হাফেজী ও কওমী মাদরাসার শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী এ মানববন্ধন করেন। এসময় মাদরাসার পরিচালক কামাল হোসেন,হাফেজ ইব্রাহিম, নুরুল ইসলাম, মবিন প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা মাদরাসার শিক্ষক,অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলাকারী জাহিদুল ইসলাম সলেমান মোল্লা,শাহ আলম মোল্লা ও সবুজসহ আসামীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আসামীরা ১ সেপ্টেম্বর সকালে মুরারবাড়ি নুরাণী হাফেজি ও কওমী মাদরাসার সম্পত্তিতে ঘর তুলে জবরদখলের চেষ্টা করেন।

এসময় তাদের বাধা দিতে গেলে কুপিয়ে ও পিটিয়ে শিক্ষক হাফেজ হাসিবুল ইসলাম ও রিয়াজুল ইসলাম রিয়াজ,অভিভাবক আঃসালাম, মনির, সেরাজুল, নাসির, কালাম এবং ,ইয়াসিনকে গুরুতর আহত করা হয়।

এছাড়া দ্বিতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী খাদিজাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা ও পিটিয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মাহিয়ার হাত ভেঙ্গে ফেলা হয়।

এ ঘটনায় জাহিদুল ইসলাম ওরফে সলেমান মোল্লা,শাহ আলম ও সবুজসহ হামলাকারীদের বিরুদ্ধে বানারীপাড়া থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।

মামলার বাদীরা হলেন মাদরাসার জমিদাতা ও পরিচালক কামাল হোসেন,অভিভাবক আবুল কালাম ও মাহবুব। এদিকে জাহিদুল ইসলাম সলেমান ফোন রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ছবি বানারীপাড়ার মুরারবাড়ি নুরাণী হাফেজি ও কওমী মাদরাসার শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বাজারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন....