বাকেরগঞ্জে সরকারি কলেজের অধ্যক্ষের বিচারের দাবি
সেপ্টেম্বর ০১ ২০২৪, ২৩:১১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শুক্লা রানী হালদারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থীরা। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে কলেজ চত্বরে কয়েক’শ শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, গত ২৯ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেন কলেজ অধ্যক্ষ শুক্লা রানী হালদার। গত দুই বছরে তিনি কলেজে যোগদানের পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতি করায় শিক্ষার্থীরা ওই আন্দোলন করেন।
সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ শুক্লা রানী হালদার সপ্তাহে কলেজে দুই এক দিন উপস্থিত থাকলেও দুপুর ১২ টার মধ্যে বাসায় চলে যায়। ম্যাগাজিনের নামে ৭৫ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎসহ আরও ২৫ হাজার টাকা উত্তোলনের চেষ্টা করেন।
কলেজের ফুলবাগানের নামে গত দুই বছরে প্রায় ৮০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। শিক্ষার্থীদের আইডি কার্ড তৈরীর নামে অতিরিক্ত টাকা উত্তোলন, ইফতার মাহফিলের নামে ভুয়া ভাউচার করে ২৫ হাজার টাকা উত্তোলন, প্রতি মাসে আপ্যায়নবিল হিসেবে পাঁচ হাজার টাকা ভুয়া ভাউচার।
জাতীয় দিবস অনুষ্ঠানের নামে বরাদ্দে টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও সেনাবাহিনী কর্তৃক উপহার হিসেবে প্রাপ্ত ক্রিয়া সামগ্রী বাসায় নিয়ে যাওয়া। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও আইটিসি ক্লাস বিজ্ঞান বিভাগের শিক্ষকদের না দিয়ে অর্থনীতির শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের পড়ানোরসহ নানা অভিযোগ তুলে ধরেন তারা।
