সৌ‌দি আরবে সশস্ত্র বাহিনী দিবস পালিত

নভেম্বর ২২ ২০২২, ১৮:২০

আমার বরিশাল ডেস্ক,

অনলাইন ডেস্ক :: সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে দিবস‌টি পালন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ডিফেন্স অ্যাটাশে, কূটনীতিক, সৌদির উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রিয়াদস্থ বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার অভিবাসীগণ যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এয়ার ভাইস মার্শাল খালেদ বিন সালামাহ আতিকুল্লাহ আল লোকমানী।

সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র বাহিনী ও বীর মুক্তিযোদ্ধাদের সংগ্রাম ও প্রতিরোধের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত আক্রমণে পাক হানাদার বাহিনী দিশেহারা হয়ে পড়ে যা আমাদের বিজয় অর্জনকে ত্বরান্বিত করে।

রাষ্ট্রদূত বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে। সশস্ত্র বাহিনী বিশ্ব শান্তি রক্ষায় অনবদ্য ভূমিকা পালন করছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। পৃথিবীর বিভিন্ন সংকট বহুল দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষীরা জাতিসংঘের শান্তি মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় সাত হাজার বাংলাদেশি শান্তিরক্ষী কর্মরত রয়েছে।

এ সময় বিভিন্ন শান্তি মিশনে দায়িত্ব পালনকালে নিহত ১৬৪ জন সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে রাষ্ট্রদূত বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ফোর্সেস গোল-২০৩০ প্রণয়ন করেছে, যা সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, আধুনিক ও গতিশীল করবে।

বাংলাদেশ সেনাবাহিনী সুগঠিত, আত্মবিশ্বাসী ও অত্যন্ত পেশাদার, যারা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত ব‌লে উল্লেখ করেন রাষ্ট্রদূত।

জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশ ও সৌদির সশস্ত্র বাহিনীর মধ্যে বিশ্বাস ও আস্থার সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন (আইএমসিটিসি) এর গর্বিত সদস্য।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্পৃক্ততা ও সহযোগিতার মাধ্যমে সৌদি ভিশন-২০৩০ বাস্তবায়নে বাংলাদেশ সৌদির সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত রয়েছে।

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....