‘মানুষের মুখে হাসি ফোটাতে চায় জামায়াত’

আগস্ট ৩০ ২০২৪, ২২:২৩

আমার বরিশাল ডেস্ক,

ডেস্ক প্রতিবেদক: আর কোনোদিন স্বৈরাচার যেন না আসতে পারে, সেজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। শেখ হাসিনার জালিম সরকার থেকে মুক্ত হওয়ার বিজয়কে স্থায়ী করে কল্যাণমুখী রাষ্ট্র গঠনের দিকে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল।

আজ শুক্রবার (৩০ আগস্ট) বরিশালে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।  বিকেলে বরিশাল নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহ.) রুহের মাগফেরাত ও ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার জনকল্যাণে যেসব কাজ করবে, তার সবকিছুতেই সহযোগিতা অব্যাহত রাখবে জামায়েতে ইসলামির নেতাকর্মীরা।’ তিনি বলেন, কোনো জ্বালাও পোড়াও নয়, সুখী সমৃদ্ধ দেশ গড়তে চাই আমরা। বৈষম্যহীন সমাজ গড়তে চায় বাংলাদেশ জামায়েতে ইসলামী। তবে ইসলামের অনুশাসন ছাড়া বৈষম্য দূর করা সম্ভব না।’

সভায় তিনি আরও অভিযোগ করেন, গত ১৫ বছর বাংলাদেশে ভয়ের রাজনীতি চালিয়েছে শেখ হাসিনার অবৈধ সরকার। মানুষের বাকস্বাধীনতা ছিল না। ক্ষমতায় টিকে থাকতে যাদের ঝুঁকিপূর্ণ মনে করেছে তাদেরই গুম খুন করেছে। বাংলাদেশে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। তবে হাসতে হাসতে জীবন দিয়েছেন জামায়াতের নেতারা। সরকার বারবার আপস করতে চাইলেও জামায়াতের কোনো নেতা আপস তো করেই নাই বরং বুক পেতে শাহাদাত বরণ করেন। দেশে বৈষম্য দূর করতে কেবল সরকার নয়, আদর্শ পরিবর্তন করতে হবে।

ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত হলে মানুষ শান্তিতে থাকতে পারবে বলে মন্তব্য করেন এই নেতা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের সভাপতি মাস্টার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। এসময় তিনি অভিযোগ করেন গত ১৫ বছরের দুঃশাসনে দেশর সমস্ত সেক্টর ধ্বংস করেছে। পুলিশ বাহিনীকে রক্ষীবাহিনীর থেকেও ভয়ংকর বাহিনী করা হয়েছিল। পুলিশি ব্যবস্থা ভেঙে পরেছে। শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি করে ডাকাতের আস্তানায় তৈরি করেছে। গুম খুন হত্যায় মেতে ওঠে উল্লেখ করে কোনো জালেমকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে, নিজেরা আইন হাতে তুলে না নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন। অপরাধীদের আইনের মাধ্যমে শাস্তি দেয়া হবে বলে জানান তিনি।

জামায়াতে ইসলামের নেতাকর্মীদের মিথ্যা মামলায় রায় দিয়ে বিচারিক হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। হত্যার বদলে হত্যা নয়, মানুষের মুখে হাসি ফুটিয়ে জবাব দেয়া হবে ঘোষণা তার। বরিশাল মহানগরের আমির আরও বলেন, কোরানের বানী ছড়ানোর অপরাধ দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে। তবে কোটি কোটি মানুষের হৃদয়ে আছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী।

মহানগর সেক্রেটারি শ্রমিক নেতা জাফর ইকবাল সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণের বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক শ্রমিক নেতা মশিউর রহমান, মহানগর শ্রমিক কল্যাণের সহসভাপতি আব্দুর রহিম, শ্রমিক নেতা মোস্তফা কামাল, শফিকুল আলম ছালাম, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....