বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বিএনপিকে নিয়ে কটূক্তি ও ঔদ্ধত্তপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে বাকেরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক নাসির জোমাদ্দার বলেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া সাধারণ মুরগি খামারি থেকে ভোট চুরির মাধ্যমে মেয়র নির্বাচিত হয়ে ১৫ বছরে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখলের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হয়েছে। বাকেরগঞ্জ বিএনপির অভিভাবক আবুল হোসেন খান শান্তিপ্রিয় মানুষ হওয়ায় ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের উপর কোন ধরনের হামলা, মামলা, নির্যাতনের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, মেয়র লোকমান বিএনপির নমনীয়তাকে দুর্বলতা ভেবে দলকে নিয়ে কটূক্তি করেছে। এজন্য তাকেসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোন সন্ত্রাসী, চাঁদাবাজকে আর ছাড় দেওয়া হবে না।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম দুলাল (ভিপি), রুহুল আমিন জোমাদ্দার, পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব রুবেল জোমাদ্দার, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান খান সালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার প্রমুখ।
