বরিশালে বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ল সেতু
আগস্ট ১২ ২০২৪, ১২:৩৩
নিজস্ব প্রতিবেদকক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ভারপাশার সমিতি ঘর বাজারসংলগ্ন শ্রীমন্ত নদীর ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (৫ আগস্ট) সেতুটির নিচ দিয়ে একটি বাল্কহেড যাওয়ার সময় পিলারের সঙ্গে ধাক্কা লেগে সেতুটি ভেঙে পড়ে।
এতে করে ভরপাশা ইউনিয়নের ৫ গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন এসব এলাকায় চলাচলকারী স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা গেছে, শ্রীমন্ত নদীর ওপর নির্মিত প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের সেতুটির মাঝখানের অংশ ভেঙে পড়েছে।
সেতুটি উপজেলার জন্য অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ। ভরপাশা ও পাদ্রীশিবপুর ইউনিয়নকে উপজেলা ও জেলা শহরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। বর্তমানে ভাঙা সেতুটির ওপর দিয়ে সুপারি গাছ দিয়ে সাঁকো নির্মাণ করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।
