দেশে ফিরছেন ড. ইউনূস, দায়িত্ব নিতে পারেন আজ-কালের মধ্যে
আগস্ট ০৭ ২০২৪, ১৬:৪৫
চিকিৎসাজনিত কারণে ড. ইউনূস বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন। দায়িত্ব গ্রহণের জন্য তিনি আজ-কালের মধ্যে দেশে ফিরছেন বলে জানা গেছে। আজ বুধবার তিনি ঢাকায় পৌঁছাতে পারেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম নতুন সরকারের শপথ গ্রহণের বিষয়ে জানান, একটি অস্ত্রোপচার হয়েছে ড. ইউনূসের। বুধবার তিনি রওনা হবেন প্যারিস থেকে। তিনি ওই দিন রাত অথবা বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছবেন।
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার দিনক্ষণ বা সময় চূড়ান্ত হয়নি বলে বঙ্গভবন থেকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন। তিনি মঙ্গলবার সন্ধ্যায় জানান, বুধবার শপথ হবে এমন কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫ সমন্বয়কের সঙ্গে মঙ্গলবার রাতে বঙ্গভবনে দীর্ঘ বৈঠকে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবে সম্মতি দেন। বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান।
ড. মুহাম্মদ ইউনূস নতুন সরকারে যোগ দেওয়ার বিষয়ে বলেছেন, ‘যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন, তারা যখন এ কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করেন, তাহলে আমি কীভাবে তা প্রত্যাখ্যান করি?’
