বরিশালে মুক্তিযুদ্ধে নিহতদের স্মৃতি স্তম্ভ গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

নভেম্বর ২১ ২০২২, ১৭:৩২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে পাকবাহিনী ও তাদের দোষরদের হাতে নির্মমভাবে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ রাতের আঁধারে গুড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় ও মুক্তিযোদ্ধাদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের।

 

খবরপেয়ে সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানান, মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকবাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত হয় পতিহার গ্রামের লক্ষী কান্ত সরকার, নীল রতন সোম, কৃষ্ণকান্ত শীল, রজনী ভদ্র, বাসিরাম হালদারসহ ওই গ্রামের ১০/১২ জন ব্যক্তি।

 

২০০২ সালে পতিহার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে তাদের নাম সম্বলিত একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়। রবিবার রাতের আঁধারে ওই স্মৃতিস্তম্ভ গুড়িয়ে দেয় দূর্বৃত্তরা। ওই গ্রামের সন্টু সরকার নামের এক ব্যক্তি জানান, সকালে হাটতে বেরিয়ে স্মৃতি স্তম্ভটি ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে সকলকে বিষয়টি অবহিত করি।

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....