রাতে সড়কে লাশ ফেলে পালিয়ে গেল যাত্রীবাহী বাস!

নভেম্বর ২১ ২০২২, ১৪:৫৫

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: টাঙ্গাইলের ঘাটাইলে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ সড়কের পাশে ফেলে পালিয়ে গেছে একটি যাত্রীবাহী বাস।

গতকাল রবিবার রাতে উপজেলা সদরের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রবিবার সন্ধ্যা ছয়টার দিকে বিনিময় পরিবহনের একটি বাস থেকে এক অজ্ঞাত যুবককে (৩৫) অচেতন অবস্থায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে ফেলে দেওয়া হয়।

স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশটি থানায় নিয়ে যায়।

ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজ সোমবার দুপুর পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। লাশের পরিচয় সনাক্ত ও বাসটি জব্দের চেষ্টা চলছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....