বরিশালে গ্রাফিতি এঁকে প্রতিবাদ
জুলাই ২৯ ২০২৪, ২০:৩৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ক্যাম্পাস খুলে দেওয়া ও মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গ্রাফিতি এঁকে প্রতিবাদ জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় নানা গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।
গ্রাফিতিতে নিহত আবু সাঈদসহ বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরা হয়। বিভিন্ন লেখার মধ্যে ছিল ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’, ‘একি সভ্যতা নাকি সব ভোঁতা?, ‘মাথা উঁচু রাখাই নিয়ম!’, ‘রাষ্ট্রযন্ত্র না গণতন্ত্র’ ইত্যাদি।বরিশালে আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়ক সুজয় বিশ্বাস শুভ বলেন, ‘যতই অত্যাচার-নির্যাতন চালানো হোক না কেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না। সারাদেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর চলমান বর্বরতার প্রতিবাদে আমরা গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করেছি।’
এদিকে গ্ৰাফিতি অঙ্কন শেষে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের মিটিংয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ৮-১০ জন আহত হয়েছেন। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল বলেন, কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও অন্য এক গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তারা ছাত্রলীগ কি না তা বলতে পারবো না। তবে তারাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
