ঘর থেকে শিশুসহ একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

জুলাই ২৮ ২০২৪, ১৪:০৪

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বসতঘর থেকে শিশুসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার পৌর শহরের বিজয় পাড়া থেকে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন সোহাগ মিয়া (৩৩), তার স্ত্রী জান্নাতুল বেগম (২৫) এবং তাদের দুই শিশুকন্যা ফাহিমা (৪) ও সাদিয়া (২)।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, নিহত সোহাগ পেশায় একজন কাপড় ব্যবসায়ী। রাতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। প্রতিদিন তারা সকাল ঘুম থেকে উঠলেও আজ না উঠায় পরিবারের সদস্যরা তাদের ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া মেলেনি। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাদের লাশ দেখতে পান।

এর মধ্যে সোহাগ ও এক কন্যার লাশ টিনের চালের কাঠে ঝুলছিল। স্ত্রী জান্নাতের লাশ খাটে ও অপর আরেক কন্যার লাশ খাটের পাশে পড়ে ছিল। তিনি আরো জানান, তাদের মৃত্যু কিভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। এটা হত্যা নাকি অন্য কিছু ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে। লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....