‘দেশে অনেক কর্মকর্তা দুর্নীতি করলেও তাদের কোন সাজা নেই’
জুলাই ০১ ২০২৪, ১৯:৪০
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বরিশালে বলেছেন, দেশে অনেক কর্মকর্তা শতকোটি টাকা দুর্নীতি করলেও তাদের কোন সাজা নেই। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তাদের সেল্টার দেয়। কিন্তু মাত্র ২ কোটি টাকার একটি মিথ্যা মামলায় খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে।
সোমবার (০১ জুলাই) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্ততায় তিনি এসব কথা বলেন।
বরিশাল বিএনপির এ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন। হাবিব উন নবী খান সোহেল আরও বলেন, বরিশাল মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে। দ্রুত ত্যাগি নেতাদের নিয়ে কমিটি গঠন করা হবে।
সমাবেশের প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী খালেদা জিয়ার মুক্তি দাবিতে সবাইকে এক হয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার আহবান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবুল হক নান্নু ও আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, রওনাকুল ইসলাম টিপুসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সদর রোডের দলীয় কার্যালয়ে জড়ো হয়। এসময় নেতাকর্মীদের হাতে ছিল বিভিন্ন ব্যনার ও ফেস্টুন। সমাবেশকে কেন্দ্র করে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। নগরীর সদর রোডে নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
