মুরুব্বিদের সামনে ধূমপান: স্থানীয়দের হামলায় ১০ ববি শিক্ষার্থী আহত
মে ১৩ ২০২৪, ১৬:২৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: স্থানীয়দের হামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কমপক্ষে দশজন শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন সহিংসতার সূত্রপাত বলে জানা গেছে। এলাকার মুরুব্বিদের সামনে ধূমপান করার দায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্থানীয়রা আটকে রেখেছে।
এমন সংবাদের ভিত্তিতে রোববার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাংলাবাজার এলাকার রিফিউজি কলোনিতে (খালেদাবাদ) যান আটকদের সহপাঠীরা। এ সময় স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে ধারালো অস্ত্রসহ হামলা চালানো হয় আগত শিক্ষার্থীদের ওপর।
এ ঘটনায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হন। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে অনেকেই হাসপাতাল ত্যাগ করতে পারলেও গুরুতর আহত তিনজন এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- আইন বিভাগের ২০২১-২২ সেশনের রাকিব মুন্সি, একই বিভাগের ২০২২-২৩ সেশনের সালেহ মীর ও জোবায়ের ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবদুল কাইয়ুম বলেন, খবর শোনামাত্র আমি হাসপাতালে ছুটে গিয়েছি। আহতদের চিকিৎসার সর্বাত্মক প্রচেষ্টা চলছে। আমরা পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাবো তারা যেন বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়। এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ঝামেলার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পরিস্থিতি শান্ত করে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
