বেতাগীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

এপ্রিল ২৫ ২০২৪, ১৯:৫১

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার বেতাগীতে প্রচণ্ড তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বেতাগী পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে নামাজ আদায় করেন মুসল্লিরা।

নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মহান আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে অঝোরে কেঁদেছেন ইমাম ও মুসল্লিরা। নামাজে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ধর্মীয় নেতা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, কৃষক, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

নামাজ আয়োজক কমিটির সদস্য মো. শাহাদাত হোসাইন বলেন, আল্লাহর শরণাপন্ন হলে তিনি বিপদ-আপদ, দুঃখকষ্ট, বালা-মুসিবত অবশ্যই দূর করে দেন। খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি আল্লাহর খাস রহমত। তাই বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে।

নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন বরগুনার গুদীকাটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মো. ইয়াকুব। এ সময় বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমদ, বেতাগী ছালেহিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মোতালেব, বেতাগী মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. আতিকুর রহমান, বেতাগী উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম খতিব মাওলানা প্রভাষক আবদুল হাই নেছারি, বেতাগী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিয়াউল হক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বেতাগী উপজেলা কমিটির সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন শামীম সিকদার, বেতাগী জনকল্যাণ সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ নামাজে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন....