রাজাপুরে নিখোঁজের ২ দিন পর নদী থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

মার্চ ২৮ ২০২৪, ১৮:৫৩

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের দুইদিন পর কচা নদী থেকে মামুন হোসেন (২৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার সাতুরিয়া গ্রামের ইদুরবাড়ি এলাকার কচা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

মামুন পশ্চিম সাতুরিয়া গ্রামের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকার মোকসেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মোটর লাগানো ভ্যান চালাতো মামুন। বাসা থেকে বের হয়ে গত দুইদিন আগে তিনি নিখোঁজ হন। দুপুরে নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....