বরিশালে অটোচালককে মারধর করে মাছ ছিনতাই, আটক ৭

মার্চ ২১ ২০২৪, ১৫:১২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের কাউনিয়ায় অটোরিকশা থামিয়ে চালককে মারধর করাসহ মাছ ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। বুধবার (২০ মার্চ) রাত ১১টার দিকে শহরের বেলতলা টেক্সটাইল মোড়ের এই দস্যুতার ঘটনায় অন্তত ৭ জনকে আটক করে কাউনিয়া পুলিশ। পাশের পলাশপুর এলাকার রেদোয়ানসহ সাতজনের বাহিনীটি ব্যবসায়ীদের মাছ আটকে জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতেও তালতলী বাজার থেকে অটোরিকশাযোগে তিন ড্রাম পোমা ও ইলিশ মাছ পোর্টরোডের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন কাওসার হোসেন। পথিমধ্যে বেলতলা টেক্সটাইল রোডের সম্মুখে পৌছালে রেদোয়ানসহ সাতজনের একটি বাহিনী অটোরিকশাটির গতি রোধ করে। কিছু বুঝে ওঠার আগেই চালক কাওসারকে মারধর করাসহ অটোরিকশাটি নির্জন মাঠে নিয়ে যায়। বিষয়টি কোনো একটি মাধ্যম জানতে পেরে ব্যবসায়ীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করাসহ কাউনিয়া থানা পুলিশকে অবহিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাউনিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম এসে রেদোয়ানসহ তাদের ৬ সহযোগীকে আটক করে। সেই সাথে উদ্ধার করেছে ছিনতাই হওয়া অটোরিকশাটি। এসআই এনামুল হক জানান, মাছের গাড়ি আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৭ যুবককে আটক করে নিয়ে আসা হয়েছে, তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনি সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন....