ব্রাজিলের পতাকার রঙে বাড়ি ও গাড়ি রাঙালেন লিটন
নভেম্বর ১৭ ২০২২, ১৯:২৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দূর থেকে দেখে মনে হবে ব্রাজিলের পতাকায় মোড়ানো বাড়ি। কাছে গেলেই বোঝা যায় পুরো বাড়ি রঙ করা হয়েছে ব্রাজিলের পতাকার আদলে।
বিশ্বকাপ ফুটবল আসলেই সিরাজগঞ্জ পৌর এলাকার ব্রাজিল ভক্ত লিটন সরকার এভাবেই রাঙান তার বাড়ি। শুধু বাড়িই নয় সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী অভি এন্টারপ্রাইজের একটি গাড়িকেও এঁকেছেন ব্রাজিলের পতাকার আদলে।
গতকাল বুধবার বিকেলে সরজমিন পৌর এলাকার মোক্তার পাড়ায় গিয়ে দেখা যায় লিটন সরকার তার দোতালা বাড়িটিতে ব্রাজিলের পতাকায় এঁকেছেন। হলুদ-সবুজ রঙে মুড়িয়েছেন তার বাড়ি।
সঙ্গে বাংলাদেশের পতাকাও হয়েছে লাল সবুজে আঁকা। বাড়ির ছাদে লাগিয়েছেন ব্রাজিলের পতাকা। বাড়ির সামনে তার ও তার ছেলে সৌমিক সরকারের ছবি দিয়ে একটি ব্যানার লাগিয়ে রেখেছেন। এ ছাড়া শহরের বেশ কয়েকটি স্থানে তিনি লাগিয়েছেন ব্রাজিলের পতাকাসহ নিজের ছবি সম্বলিত ব্যানার।
ব্রাজিলের ভক্তদের অনুপ্রেরণা ও প্রচার বাড়াতে তিনি নিজ খরচে তৈরি করেছেন জার্সি ও হ্যান্ড স্টিকার। যেগুলো ব্রাজিলের খেলার দিন দেওয়া হবে সমর্থকদের। আর অটোরিকশায় লাগানো হবে স্টিকারগুলো।
এ ছাড়া সিরাজগঞ্জ থেকে ঢাকা চলাচলকারী একটি যাত্রীবাহী গাড়ি তিনি ব্রাজিলের পতাকার রঙে ফুটিয়ে তুলেছেন। বাসটি প্রতিদিন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
গাড়িটি এমন করে তৈরি করার পর থেকে ব্রাজিল ভক্তরা এই গাড়িতে যাত্রা করতে পছন্দ করছেন। স্থানীয়রা গাড়িটিকে ব্রাজিল বাস বলে ডাকে।
এ দিকে ব্রাজিল বাড়ি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষসহ ব্রাজিল ভক্তরা। স্থানীয় চশমার দোকানি শাকিল আহম্মদ জানান, ব্রাজিল ভক্তদের বাড়ি এটা।
ফুটবল উন্মাদনায় এই বাড়িটি দেখতে অনেকই আসেন। তার মতো এমন ভক্তরা আছে বলেই ফুটবল খেলা এখনো এত জনপ্রিয়।
প্রতিবেশী আতাউল্লাহ রাজু জানান, বিশ্বকাপের আগের আসরেও লিটন সরকার তার বাড়িটি এভাবে রাঙিয়েছিলেন। এবার আবার নতুন করে রঙ করা হয়েছে ব্রাজিলের পতাকার আদলে।
বাড়ির মালিক লিটন সরকার বলেন, ‘আমি ব্রাজিলের অন্ধ ভক্ত। ব্রাজিলের খেলা হলেই আমি খেলা দেখি। এর আগে গত ২০১৮ সালে আমি ব্রাজিলের পতাকায় আমার বাড়িটি রঙ করেছিলাম। এবারও পুরো বাড়িতে ব্রাজিলের পতাকায় এঁকেছি।
আমার একটা বাসেও আমি ব্রাজিলের পতাকার রঙে এঁকেছি। আমার শুধু একটাই ইচ্ছে মাঠে বসে খেলা দেখার। আর একবার ব্রাজিলের খেলোয়াড়দের হাত দিয়ে স্পর্শ করার। আমি আশা করছি এবারের কাপ আমার দলই নিবে।’
ব্রাজিল এই ভক্তের ছেলে সৌমিক সরকার বলেন, ‘বাবা ফুটবল খেলা খুব পছন্দ করেন। এ জন্য ছোট থেকেই আমার ফুটবল খেলা দেখতে ভালো লাগে।
বাবা শুধু ব্রাজিল বাড়িই করেনি পাশাপাশি তিনি গেঞ্জি, ব্যানার ও স্টিকার বানিয়েছেন। আশা করছি এবার ব্রাজিল কাপ নিয়ে তাদের ৬ষ্ঠ বারের নাম তুলবে।’
আ/ মাহাদী
