বরিশালে ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

মার্চ ০৬ ২০২৪, ১৯:০০

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে অন্যের জমির মাটি কাটায় এক নারীর ভবনে ধস দেখা দেওয়ার ঘটনায় ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে আদালতে মঙ্গলবার এ মামলা দায়ের করেন ভূক্তভোগী আইরিন জাহান।

আদালতের বিচারক আব্দুল আলীম অভিযোগটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হককে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। বুধবার বেঞ্চ সহকারী আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন আবদুর রহমান। এর আগে রোববার বিকেলে বরিশাল সদর উপজেলার পশুরাকাঠী গ্রামে মাটি কাটার ঘটনা ঘটে।

মামলার আসামিরা হলেন, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন পরিষদের ০৮ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ শিস মো. মামুন, রাশেদ সিকদার, সৈয়দ মাসুম বিল্লাহ, সৈয়দ মওদুদ করিম ও সৈয়দ আশিক। তারা সবাই চরমোনাই ইউনিয়নের পশুরিকাঠী গ্রামের বাসিন্দা।

মামলার নথি সূত্রে জানা যায়, আসামিরা ইউনিয়নের দুর্বল ব্যক্তিদের জমি দখল করে অন্যত্র বিক্রি করে। এরই ধারাবাহিকতায় তারা গত রোববার বিকেলে ককটেল বিস্ফোরণ করে। এসময় মামলার প্রধান আসামী মামুনের নির্দেশে বাকি আসামিরা ভেকু মেশিন দিয়ে বাদী আইরিনের ঘরের পূর্ব ও পশ্চিম পাশে খাল খনন করে।

এতে বাদীর তিন তলা ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরে ধসে পড়ে। ঘটনার সময় প্রধান আসামী মামুনকে মাটি না কাটতে অনুরোধ করলে তিনি বাদীর বুকে লাথি দেন। বাকি আসামিরা তাকে কিল-ঘুসি মেরে আহত করে। পরে বিষয়টি পুলিশকে জানালে বাদী আইরিনকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে মামলায়। বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আরিচুল হক বলেন, আদালতের নির্দেশে মামলাটি নথিভূক্ত করা হয়েছে। পরবর্তী কার্যক্রম আইনানুযায়ী চলবে।

সংবাদটি শেয়ার করুন....