বরিশালের জন্য নগদের ২০ লাখ টাকার পুরস্কার

মার্চ ০২ ২০২৪, ১৫:৫০

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: তামিম ইকবালের নেতৃত্বে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। আর ট্রফি নিয়ে বরিশাল দল যখন উল্লাস করছে, সেই সময়ে তামিমদেরই আহ্বানে শিরোপা জয়ের উৎসবে যোগ দেন নগদ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক।

সিনিয়র খেলোয়াড়দের আমন্ত্রণে ভিডিও কলে যুক্ত হয়ে ট্রফি জেতায় দলের খেলোয়াড়দের জন্য ২০ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন তানভীর এ মিশুক। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের দাবির পরিপ্রেক্ষিতে বিশাল অঙ্কের এই অর্থ পুরস্কারের ঘোষণা দেন নগদ সিইও।

বরাবরই বিপিএলের অভাগা দল বরিশাল। বেশ কয়েকবার ফাইনালে গিয়েও এতদিন শিরোপা জিততে পারেনি তারা। এবারও তাদের নিয়ে কোনো হইচই ছিল না। বরং তাদের ‘বুড়োদের দল’ হিসেবেও বলেছে অনেকে। তবে টুর্নামেন্ট শুরু হতেই সব আলোচনা বদলে দিয়েছে তারা। দাপট দেখিয়ে উঠে এসেছে ফাইনালে।

ফাইনালের হট ফেবারিট কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে ট্রফি জিতে নেয় দক্ষিণের এই দলটি। চ্যাম্পিয়ন হওয়ার পরেই আত্মহারা আনন্দে মেতে ওঠে বরিশাল। সেখান থেকে ভিডিও কলে তানভীর এ মিশুককে যুক্ত করেন দলের অধিনায়ক তামিম ইকবাল। তানভীরও তামিম এবং তার দলকে শুভেচ্ছা জানান এবং অর্থ পুরস্কারের ঘোষণা দেন। ঘোষণার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন দলের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার বয়ে যায়।

বরিশাল দলের সঙ্গে সরাসরি কোনো সংশ্লিষ্টতা না থাকলেও এই দলের অধিনায়ক তামিম ইকবাল বেশ কয়েক বছর ধরে নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এ ছাড়া মুশফিকুর রহিম যুক্ত আছেন নগদ ইসলামিকের সঙ্গে। মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজও নানাভাবে নগদের প্রচারের জন্য কাজ করছেন।

মূলত নগদের উদ্ভাবনী শক্তি এবং চমকপ্রদ সেবা দেশ সেরা তারকাদের নগদের ডেরায় ভিড়িয়েছে। এ ছাড়া এবারের আসরের ‘পাওয়ার্ড বাই’ ক্যাটাগরিতে বিপিএল’র সঙ্গে যুক্ত ছিল নগদ। পুরস্কার পাওয়ার পর তামিম বলেন, দেশের ক্রিকেটের জন্য নগদ এবং তানভীর ভাইয়ের সব সময়ই একটি বাড়তি মমত্ববোধ আছে।

নানাভাবে নগদ ও তানভীর তাদের এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। ২০ লাখ টাকার এই উপহারকে আমরা আমাদের দেওয়া অনন্য সম্মান হিসেবে গ্রহণ করছি এবং তানভীরের (ভাই) প্রতি ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে এও প্রত্যাশা করছি, নগদ এবং প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে তানভীর (ভাই) সাফল্যের চূড়ায় আরোহণ করবেন।

একই সময় নগদ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুকও চ্যাম্পিয়ন বরিশাল দলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ক্রিকেট সব সময় বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে ধারণ করা অনন্য ভালোবাসার জায়গা।আর আমরাও যেহেতু বাংলাদেশকে হৃদয়ে ধারণ করি, ফলে ঘুরে ফিরে আমাদেরকেও ক্রিকেট আর ক্রিকেটারদের কাছেই আসতে হয়।

আমি প্রত্যাশা করি– তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ বা মিরাজরা আমাদের দেশকে যেভাবে একের পর এক সাফল্য উপহার দিয়েছে, এরই ধারবাহিকতায় সামনের দিনেও ক্রিকেট বিশ্বে বাংলাদেশ অনন্য একটি অবস্থান পাবে। আর আর্থিক খাতে আমরাও নতুন নতুন সেবা উপহার দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব।

উল্লেখ্য, শুক্রবার (১ মার্চ) ফাইনালে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৫৪ রান করে কুমিল্লা। জবাবে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। অধিনায়ক তামিম ইকবাল ২৬ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। তামিম টুর্নামেন্টেরই সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এর আগে, প্লে অফে তাদের নায়ক ছিলেন মুশফিকুর রহিম। আরেক সিনিয়র মাহমুদউল্লাহরও এবারের আসর দারুণ কেটেছে।

সংবাদটি শেয়ার করুন....