১ বছরের সাজায় পলাতক ২৭ বছর, অবশেষে ধরা

জানুয়ারি ৩১ ২০২৪, ১৩:১৪

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে ২৭ বছর পর যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেন (৫৯) কে গ্রেফতার করেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে বরিশাল নগরীর রুপাতলী এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার হওয়া আলমগীর হোসেন নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত হাজী মানিক শাহ শরীফের ছেলে।

র‌্যাব-৮ জানায়, ১৯৯৬ সালে ঝালকাঠি আদালতে আলমগীরের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের একটি মামলা হয়। যার মামলা নং- সিআর-৬৬১/৯৬ (নলছিটি)। পরে ১৯৯৯ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদন্ড দেন।

পরে তিনি প্রবাসে গিয়ে ২৭ বছর পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করেন। ২৭ বছর পলাতক থাকার পর ৯ মাস আগে দেশে ফিরে আত্মগোপনে চলে যায়। পরে র‌্যাব-৮ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নলছিটি থানায় পুলিশের কাছে হস্তান্তর করে।

সংবাদটি শেয়ার করুন....