শিক্ষার্থীদের প্রিয় শিক্ষকদের তালিকায় ইউএনও!
নভেম্বর ১৬ ২০২২, ১১:২৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দশমিনায় রীতিমতো শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক হয়ে উঠেছেন ইউএনও মহিউদ্দিন আল হেলাল। একজন ইউএনও বিদ্যালয়ে প্রবেশ করলে যখন ভয়ে কাতর হয়ে থাকার কথা শিক্ষার্থীদের তখন যেনো তাকে বন্ধু বানিয়ে নিয়েছেন শিক্ষার্থীরা। তাকে দেখলেই আনন্দে মন ভরে যায় খুদে শিক্ষার্থীদের।
কোনো কোনো শিক্ষার্থী দৌড়ে তার কাছে ছুটে আসে। পরম মমতায় এসব খুদে শিক্ষার্থীকে কাছে টেনে নেন, কখনও আদর করে দেন তিনি। সেই সঙ্গে এসব শিক্ষার্থীর হাতে উপহার হিসাবে তুলে দেন বই, ক্রীড়া সামগ্রী। এতে আনন্দে আত্মহারা খুদে শিক্ষার্থীরা।
এসব খুদে শিক্ষার্থীদের কাছে একজন প্রিয় মানুষ ‘ দশমিনার ইউএনও স্যার’। স্যার ডাকলেও তার কাছ থেকে বাবার মত মতো আদর-সোহাগ পায় খুদে শিক্ষার্থীরা। সেই সঙ্গে পায় নানা উপহার।
শিক্ষার্থীদের “প্রিয় ইউএনও স্যার” মো. মহিউদ্দিন আল হেলাল দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত।খোঁজ নিয়ে জানা যায়, শিশুদের শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে এবং শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দিতে ব্যতিক্রমী কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল। শিশুদের বিদ্যালয়মুখী ও পড়াশোনায় মনোযোগী করতে নানা ধরনের বইসহ নানা উপহার দেন তিনি।
উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন বই, খাতা-কলম, ক্রীড়া সামগ্রী।এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকালে হাজির হাট সরকারি প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। শিক্ষার্থীদের জন্য উপহার হিসাবে নিয়ে বঙ্গবন্ধু , স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক বই ও ফুটবল।
ইউএনওর কাছ থেকে বই ও ক্রীড়া সামগ্রী উপহার পেয়ে আনন্দে আত্মহারা খুদে শিক্ষার্থীরা। সেই সঙ্গে তাদের প্রিয় ইউএনও স্যারকে ধন্যবাদ দেয়ার পাশাপাশি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে বলেও জানিয়েছে তারা।
হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া বলেন, ইউএনও স্যার আজ আমাদের ক্লাস নিয়েছে। স্যারের ক্লাসে অনেক মজা পেয়েছি। ক্লাসের সময় যারা প্রশ্নের উত্তর দিতে পেরেছে, স্যার তাদের ধন্যবাদ দিয়েছে। আমরা আশায় আছি, স্যার আবারো আমাদের স্কুলে আসবেন।
হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে ইউএনও স্যার যেসব উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়।
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে তাঁর মতো সবাই যদি এগিয়ে আসে তাহলে উপজেলায় যেসব অবহেলিত বিদ্যালয় রয়েছে সেগুলোর শিক্ষার্থীরাও ভালো ফল করবে। সেই সঙ্গে এই উপজেলায় শিক্ষার মান বৃদ্ধি পাবে।
এমন ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে জানতে চাইলে ইউএনও মো.মহিউদ্দিন আল হেলাল বলেন,দশমিনায় আসার পর থেকেই শিক্ষাক্ষেত্রে উন্নয়নের পরিকল্পনা ছিল আমার। আমি চাই শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হোক। শিক্ষার হার বৃদ্ধি পাক। কারণ পড়াশোনার বিকল্প নেই।
আ/ মাহাদী
