রুপার মুকুট হাতে রামমন্দিরে প্রবেশ করেছেন মোদি

জানুয়ারি ২২ ২০২৪, ১৪:২২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রুপার মুকুট হাতে রামমন্দিরে প্রবেশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২২ জানুয়ারি) ভারতীয় স্থানীয় সময় আনুমানিক দুপুর ১২টা ১১ মিনিটে অযোধ্যার রামমন্দিরে রামলালাকে পরানোর জন্য রুপার মুকুট নিয়ে প্রবেশ করেন নরেন্দ্র মোদি।

এরপর রামলালার মূল মূর্তিকে রামমন্দিরের গর্ভগৃহে আনা ও প্রাণ প্রতিষ্ঠার আগে রীতি মেনে পূজায় বসেন মোদি। এসময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতও পুজায় অংশ নেন। বিগত ১১ দিন থেকে রামমন্দির উদ্বোধনের জন্য কঠোর তপস্যা পালন করেছিলেন নরেন্দ্র মোদি।

ওয়ান ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পুজা শেষে অভিজিৎ মুহূর্তে ৮৬ সেকেন্ডের মধ্য রামলালার মূর্তিতে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করেন ভারতের প্রধানমন্ত্রী। বিভিন্ন মঠ-মন্দির থেকে আমন্ত্রিত ১২১ ‘আচার্য’ ও পূজারির মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ‘রামলালার’ প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এসময় হেলিকপ্টারে করে রাম মন্দিরের উপরে ফুলের বৃষ্টি করা হয়। এর মধ্য দিয়ে অযোধ্যা নগরীর সাড়ে ৫০০ বছরের ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়।

সংবাদটি শেয়ার করুন....