সোলার প্যানেল এখন যেন গলার কাঁটা
জানুয়ারি ১৬ ২০২৪, ১৮:১৩
অনলাইন ডেস্ক ॥ দশ বছর ধরে বিকল হয়ে আছে বরিশাল নদীবন্দরে স্থাপিত সোয়া কোটিরও বেশি টাকার সোলার প্যানেল। বিদ্যুৎ অপচয় রোধে এটি করা হলেও গোটা প্রকল্পই যেন এখন গলার কাঁটা। দুর্নীতি আর অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নেয়া হয়নি কোনও ব্যবস্থা।
সরেজমিনে দেখা যায়, বরিশাল নদীবন্দরের ছাদের ওপর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এক কোটি ৩৪ লাখ টাকার এ সোলার প্যানেল। ২০১৪ সালে বিদ্যুৎ অপচয় রোধ ও সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা নিশ্চিতকরণে স্থাপন করা হয়েছিলো সোলার প্যানেলটি। তবে এটি অকার্যকর হতে সময় লেগেছে মাত্র ছমাস।
এর মধ্যে ১০ বছর কেটে গেলেও করা হয়নি এর কোনও সংস্কার। সোলার প্যানেলের পানি ভবনে ঢুকে পড়ায় গোটা প্যানেলটি যেন গলার কাঁটা হয়ে আছে নদীবন্দর কর্তৃপক্ষের।
বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ১০ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহের ক্ষমতাসম্পন্ন ছটি সোলার প্যানেল অপসারণের জন্য সংশ্লিষ্ট বিভাগে চিঠি দেয়ার পরও তারা কোনও ব্যবস্থা নেয়নি।
অভিযোগ রয়েছে, সোলার প্যানেল স্থাপনে ব্যাপক দুর্নীতি হলেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াতো দূরের কথা, কোনও তদন্তও হয়নি। এ বিষয়ে কর্মকর্তাদের কেউ কথা বলতে রাজি হয়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বরিশালের নির্বাহী প্রকৌশলী মামুন-উর-রশীদ বলেন, সোলার প্যানেল স্থাপনের জায়গা থেকে ছাদের দেয়াল ভেদ করে পানি ঢুকছে বন্দর ভবনে। এতে দরকারি কাগজপত্র যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে ভবনের দেয়াল। দ্রুত এগুলো অপসারণের ব্যবস্থা নেয়া জরুরি।
বরিশালসহ দেশের চারটি নদীবন্দরে সার্বক্ষণিক বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে ২০১২ সালের মার্চে ৫০ কিলোওয়াট করে সৌরবিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল স্থাপন প্রকল্প গ্রহণ করে নৌপরিবহন মন্ত্রণালয়। ২০১৪ সালে বরিশাল নদীবন্দরে ১০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এ সোলার প্যানেল স্থাপন করা হয়।
