৭টি জিডি করেও কোন বিচার মেলেনি, প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

জানুয়ারি ১৩ ২০২৪, ২০:১৫

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ‍॥ সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিচার বাদীতে মানববন্ধন করেছে বরিশাল সদর উপজেলার চরআইচা গ্রামের সর্বস্তরের জনগন। আজ শনিবার (১৩ জানুয়ারী) বিকাল ৪টায় চরআইচা গ্রামের তালুকদার হাটে এ মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী খলিল ও প্রিন্স, ভূমিদস্যু মনির, কিশোর গ্যাং রবিন, চাঁদাবাজ ইমন ও মাদক সম্রাট রাকিব এলাকায় নানা ধরণের অপরাধ কর্মকান্ড করে বেড়াচ্ছে। তাদের কাছে জিম্মি ওই এলাকার মানুষ। তাদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। থানায় ৬ থেকে ৭টি সাধারণ ডায়েরী করা হলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না।

গত ৪ জানুয়ারী বিকালে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ কামাল আহমেদকে চরআইচা মেরিন একাডেমীর সামনে মোঃ খালেদ খান ওরফে রবিন, মোঃ সাদেকুর রহমান খলিল, মোঃ মিজানুর রহমান মনির, মোঃ প্রিন্স মাহমুদ, মোঃ রাকির সরদার, মোঃ ইমন আকন ও মোঃ রাজিবুল আকনসহ ৪/৫জন সন্ত্রাসী মারধর ও খুন জখমের ভয়ভীতি দেখায়।

এ ঘটনায় বন্দর থানায় সাধারণ ডায়েরী দায়ের করলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। এভাবে আরও ৬/৭জন ভুক্তভোগী থানায় জিডি করেও কোন প্রতিকার না পেয়ে এলাকাবাসী একজোট হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জয়নাল হাওলাদার, হেলাল হাওলাদার, আলাউদ্দিন তালুকদার, শাজাহান তালুকদার, গাজী নাসির উদ্দিন, গাজী হানিফ ও রাসেল খানসহ অনেকে। এছাড়া মানববন্ধন কর্মসূচীতে চরআইচা গ্রামের ইউপি সদস্য সাইদুল আলম লিটন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ এ.আর মুকুল বলেন, দায়েরকৃত জিডিগুলোর তদন্ত চলমান। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....