নির্বাচন নিয়ে একই সুরে কথা বলল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
জানুয়ারি ০৯ ২০২৪, ১৩:৪৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সদ্য শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন নিয়ে একই সুরে কথা বলল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না জানিয়েছে পশ্চিমের এই দেশ দুইটি। সোমবার (৮ জানুয়ারি) বাংলাদেশের নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকভাবে পৃথক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এমন অবস্থান জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে যে, ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে।
যুক্তরাষ্ট্র বিরোধী দলের হাজার হাজার রাজনৈতিক কর্মীর গ্রেফতার এবং নির্বাচনের দিনের অনিয়মের প্রতিবেদন নিয়ে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে এই মতামত শেয়ার করে যে, এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু ছিল না এবং আমরা দুঃখিত যে সব দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। যুক্তরাষ্ট্রের মুখপাত্র আরো বলেন, বাংলাদেশে মানবাধিকার ও সুশীল সমাজকে সমর্থন করতে এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের সঙ্গে প্রতিশ্রুতি বদ্ধ যুক্তরাষ্ট্র।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন বলেছে, গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার ওপর। মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এসব মানদণ্ড যথাযথভাবে মানা হয়নি। এছাড়া নির্বাচনে সব দল নির্বাচনে অংশ নেয়নি বলে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ব্যবস্থা ছিল না।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশে একটি টেকসই রাজনৈতিক সমঝোতা ও সুশীল সমাজের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হলে দীর্ঘ মেয়াদে দেশের প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। এছাড়া বাংলাদেশে সব রাজনৈতিক দলের প্রতি মত ভিন্নতা দূর করার আহ্বান জানায় যুক্তরাজ্য।
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করার পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ১৯টি দেশের রাষ্ট্রদূতগণ। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ অভিনন্দন জানান তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, রিপাবলিক অব কোরিয়া, ব্রুনেই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, প্যালেস্টাইনের রাষ্ট্রদূতগণ ও ওআইসি গ্রুপ রাষ্ট্রও অভিনন্দন জানান।
এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় নিজ নিজ দেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তারা। এসময় রাষ্ট্রদূতগণ তাদের দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণের অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৌঁছে দেন। প্রধানমন্ত্রী গণভবনে আগত রাষ্ট্রদূতগণকে ধন্যবাদ জানান।
