ঢাকা-বরিশাল মহাড়কে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২

ডিসেম্বর ২৪ ২০২৩, ১০:৫৯

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ‍॥ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে সাকুরা পরিবহণের একটি বাস ও ইট বহনকারী ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলিচালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের মুন্ডপাশায় রোববার (২৪ ডিসেম্বর) সকাল পৌঁনে ৭টায় এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ০৮টায় উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার পরপরই উজিরপুর ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয়রা মিলে নিহত এবং আহতদের উদ্ধার করে দ্রুত মহাসড়কের যানচালচল স্বাভাবিক করা হয়। ঘনকুয়াশা ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

নিহতরা হলেন, ট্রলিচালক সোহরাব হাওলাদার (২৮) ও হেলপার রুবেল হাওলাদার (২০)। ট্রলিচালক সোহরাব বামরাইল ইউনিয়নের বরতা গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে এবং রুবেল একই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-৫৬৩৩) ঢাকার উদ্দেশে ১০ জন যাত্রী নিয়ে রওনা দেয়। কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা খুবই কম ছিল। আর অবৈধ যানবাহন হিসেবে পরিচিত ট্রলিটি সড়কের মাঝ বরাবর দিয়ে যাচ্ছিল। বাসটি উজিরপুরের মুন্ডপাশায় পৌঁছালে অপরদিক থেকে আসা ইট বহনকারী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় বাসের গতিও বেশ ছিল।

ফলে ট্রলিটি খণ্ডবিখণ্ড হয়ে সড়কে ছিটকে পড়ে। বাসটির সামনের অংশও দুমড়ে মুচড়ে গিয়ে সড়কের পাশের গাছে আছড়ে পড়ে। সাকুরা পরিবহনের চালক পালিয়ে গেলেও সুপারভাইজার ও হেলপারসহ আহত ১০ জনকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়।

উজিরপুর মডেল থানার ওসি জাফর উদ্দিন বলেন, ঘনকুয়াশা ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....