বরিশালে ভোট বর্জন করতে বিএনপির লিফলেট বিতরণ
ডিসেম্বর ২৩ ২০২৩, ১৭:০২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: জাতীয় নির্বাচনে ভোট বর্জন করতে বরিশালে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি। শনিবার (২৩ ডিসেম্বর) নগরীর বিভিন্ন ওয়ার্ডে তারা এ লিফলেট বিতরণ করেন। মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন বলেন, বিএনপি নেতারা ৭ জানুয়ারি ভোট বর্জন, ভোটগ্রহণে কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারের সব ধরনের ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল স্থগিত রাখা, ব্যাংকে লেনদেন বর্জন, মিথ্যা ও রাজনৈতিক মামলার আসামিরা আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এটি তামাশার নির্বাচন। তাই এ নির্বাচন বর্জন করার জন্য আমরা অসহযোগ আন্দোলন শুরু করেছি। আমাদের দাবি, এ সংসদ ভেঙে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। লিফলেট বিতরণকালে মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
