ইউপি চেয়ারম্যানকে বদ্ধভূমিতে বেঁধে রাখার হুমকি সাবেক চেয়ারম্যানের
ডিসেম্বর ২০ ২০২৩, ১৭:৩৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রশিদকে বদ্ধভূমিতে বেঁধে রাখার ঘোষণা দিয়েছেন ওই ইউপির সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দীন। নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় উপস্থিত কয়েক হাজার মানুষের সামনে আলফাজ উদ্দীন এ কথা বলেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে খোলা মাঠে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আলফাজ উদ্দীন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক।
সভায় নিজ বক্তব্যে সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন বলেন, ‘আমরা যারা ওয়ার্ডে বাস করি তারা টাকায় বিক্রি হই। সভায় উপস্থিত আওয়ামী লীগ নেতারা আপনারা বিক্রি হন না।’ তিনি বলেন, ‘আমি অনুরোধ করব, আওয়ামী লীগের যে সমস্ত নেতা মহিউদ্দীন মহারাজের কাছে বিক্রি হয়েছেন, আপনারা আগামীকাল থেকে মিটিংয়ে আসবেন। আর না হয়, আপনাদের সমুচিত জবাব দেওয়া হবে।’
এ সময় তিনি সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদকে উদ্দেশ্য করে বলেন, ‘আগামী ২৫ তারিখের মধ্যে চেয়ারম্যান আব্দুর রশিদ যদি দলে ফিরে না আসে তাহলে তাকে সোহাগদল বদ্ধভূমিতে বেঁধে রাখা হবে।’ এ বিষয়ে জানতে চাইলে আলফাজ উদ্দীন বলেন, ‘আব্দুর রশিদ আওয়ামী লীগের ব্যানারে বারবার ইউপি চেয়ারম্যান হচ্ছেন। অথচ, তিনি কোটি টাকার বিনিময়ে নৌকার বিরোধিতা করছেন। তিনি বিগত জেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে গিয়ে কোটি টাকার বিনিময়ে মহিউদ্দীন মহারাজের পক্ষে নির্বাচন করেছেন।
এখন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোটা টাকার বিনিময়ে চেয়ারম্যান রশিদ নৌকার পক্ষে না থেকে আবারও মহিউদ্দীন মহারাজের পক্ষে কাজ করছেন। তাই আগামী ২৫ ডিসেম্বরের মধ্য তিনি (ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ) দলে ফিরে না এলে তাঁকে সোহাগদল ইউনিয়নের বদ্ধভূমিতে বেঁধে রাখা হবে।’
