শতভাগ সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে প্রশাসন- বিভাগীয় কমিশনার
ডিসেম্বর ১৯ ২০২৩, ১৮:৪৮
নিজস্ব প্রতিবেদক ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শতভাগ সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে মাঠ প্রশাসন কাজ করবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে এবং নির্ভয়ে ভোট দিতে পারেন তারও ব্যবস্থা নেবে প্রশাসন। এর কোন ব্যত্যয় ঘটতে দেয়া হবে না। এ লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হচ্ছে।
বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী আজ তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সেনাবাহিনীসহ পর্যাপ্ত ফোর্স নিয়োগ করা হবে। এ ব্যাপারে কোন শৈথিল্য দেখানো হবে না। সভায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রাখার সিদ্ধান্ত হয়।
এছাড়া নির্বাচন ঘিরে কোন রকম অপতৎপরতা যেন না হয় সেদিকে সকলের দৃষ্টি দেওয়ার আহ্বান জানানো হয়। নির্বাচন ঘিরে মাদকের ব্যবহার যেন বৃদ্ধি না পায় সে ব্যাপারেও সভায় আলোচনা করা হয়।
সভায় ডিআইজি মোঃ জামিল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলীসহ ৬ জেলার জেলা প্রশাসক, র্যাব, কোস্ট গার্ড, আনসার, নৌ পুলিশ, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান, সাংবাদিক এবং বিভাগীয় পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা এবং তথ্য অধিকার বাস্তবায়নে পরিবীক্ষণ সভা অনুষ্ঠিত হয়।
