গন্ধেও স্বস্তির উদরপূর্তি

ডিসেম্বর ০৪ ২০২৩, ১৮:১২

আমার বরিশাল ডেস্ক,

ডেস্ক প্রতিবেদক ‍॥ শুঁটকির নাম শুনে কেউ কেউ নাক সিটকালেও এর রকমারি ব্যবহারে অনেকেরই রসনা বিলাসে জমে স্বস্তির উদরপূর্তি। শুঁটকিতে শুধু যে দেশের মানুষের ভূরিভোজ হচ্ছে তা নয়, দেশের বাইরেও বাড়ছে এর ব্যাপক চাহিদা। তাইতো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পিরোজপুরের পাড়েরহাটের কেমিক্যালমুক্ত শুঁটকি।

সংশ্লিষ্টরা জানান, পিরোজপুর জেলা বঙ্গোপসাগরের খুব কাছাকাছি থাকায় এখানে মাছের আমদানি বেশি। এখানে শুঁটকি পল্লীর শ্রমিকরা সবসময় ব্যস্ত সময় পার করেন। এই শুঁটকি পল্লীতে পাওয়া যায়- ঢেলা, ছুড়ি, ফ্যাপস্যা, লইট্যা, মর্মা, পোয়া, চিতলসহ প্রায় ৩৫ প্রকারের সামুদ্রিক মাছের শুঁটকি। কার্তিক মাস থেকে শুরু হয়ে প্রায় সাড়ে ৫ মাস চলে এই শুঁটকি ব্যবসা।

শুঁটকি পল্লীর শ্রমিক মিজান বেপারী বলেন, আমি এখানে পাঁচ বছর ধরে শুঁটকি তৈরির কাজ করছি। আমরা এখানে বিভিন্ন রকমের মাছের শুঁটকি তৈরি করি। কোনো ধরনের ওষুধ ব্যবহার করি না।

আমাদের মাছের শুঁটকি মোকামে প্রচুর চাহিদা থাকায় আমরা এই সময়ে শুঁটকি তৈরিতে ব্যস্ত থাকি। তিনি আরও বলেন, এখানে ইলিশ বাদে সব মাছেরই শুঁটকি হয়। এটি প্রক্রিয়াজাতকরণে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার না করায় মানুষ নিরাপদ খাদ্যের নিশ্চয়তা পায়। তাই এখানকার উৎপাদিত শুঁটকি ব্যাপক জনপ্রিয়।

শুঁটকি তৈরির সেডের মালিক শাজাহান হাওলাদার বলেন, আমরা এখানে ১০ বছর ধরে শুঁটকি তৈরি করছি। প্রথমে একটি সেট ছিল। পর্যায়ক্রমে এখানে বর্তমানে আটটি সেট রয়েছে। যেখানে দুই শতাধিক শ্রমিক কাজ করেন। আমাদের এখানের শুঁটকির গুণগতমান ভালো হওয়ায় এর ব্যাপক চাহিদা রয়েছে। তাই দিন দিন শুঁটকি পল্লীর পরিধি বৃদ্ধি পাচ্ছে।

তবে আমাদের এখানে একটি টিউবওয়েল, একটি ব্রিজ এবং কয়েকটি ল্যাম্প পোস্টের ব্যবস্থা করা হলে আমারা এ ব্যবসা আরও ভালোভাবে করতে পারতাম। জেলা মৎস্য কর্মকর্তা এস. এম. আজহারুল ইসলাম বলেন, আধুনিক পদ্ধতিতে কীটনাশক ছাড়া স্বাস্থ্যসম্মত উপায়ে শুঁটকি তৈরি হয় এ পল্লীতে।

ফলে এখানকার শুঁটকির চাহিদা অনেক। এখানে কর্মসংস্থানেরও সুযোগ বাড়ছে। আজ থেকে ১০ বছর আগে একটি সেড থেকে এর যাত্রা শুরু হলেও এর সংখ্যা এখন দাঁড়িয়েছে আটটিতে। আর প্রতি বছর এ জেলায় উৎপাদিত হয় প্রায় লাখ কেজি শুঁটকি। যার বাজার মূল্য কয়েক কোটি টাকা।

 

সংবাদটি শেয়ার করুন....