বরিশালে রাস্তায় গাড়ি থামিয়ে টাকা ছিনতাই: আতংকিত ব্যবসায়ীরা
নভেম্বর ২৭ ২০২৩, ১১:৫০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে রাস্তায় গাড়ি থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ কয়েক বছর পর বরিশালে নতুন করে ছিনতাইয়ের ঘটনায় আতংক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়িতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে অরিয়ন গ্যাস কোম্পানির একটি পিকআপ গাড়ি দুপুর ৩ টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে অতিক্রমকালে স্থানীয় সন্ত্রাসী সোহেলের নেতৃত্বে ১০/১২ জনার একটি দল গাড়িটির গতিরোধ করে। এরপর চালকের কাছে থাকা প্রায় ২ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায়। চালক বাঁধা দিলে আশেপাশের লোকজন এসে পড়ার উপক্রম হলে সোহেল বাহিনী তার বুক পকেটে থাকা ৫’শ টাকা নিয়ে বীরদর্পে চলে যায়।
বিষয়টি মৌখিকভাবে বিশ^বিদ্যালয়ের পুলিশ ফাড়ির ইনচার্য এসআই মশিউর রহমানকে জানালে তিনি থানায় লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেন। কিন্তু পরবর্তীতে বড় ধরনের ক্ষতির আশংকায় কোন ধরনের আইনী ব্যবস্থা নিতে সাহস করেননি গাড়ির মালিক আরিফুর রহমান মন্টু। তিনি জানান গত কয়েক বছরেও এ ধরনের কোন ঘটনার সম্মুখিন হতে হয়নি তাকে।
এ ঘটনায় পরিবহন ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন। হটাৎ করে মাথাচাড়া দিয়ে উঠেছে বরিশালের ছিনতাই ও চাঁদাবাজরা। এমনকি এলাকায় এলাকায় ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীরাও জেগে উঠতে শুরু করেছে। তারা বিভিন্ন মানুষকে হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে। এখনই এদের থামাতে না পারলে বরিশালে ভয়াবহ পরিস্থিতি দেখা দেবে বলে স্থানীয়রা মনে করেন।
