বরিশালের ছয়টি আসনে নৌকার মাঝি হলেন যারা
নভেম্বর ২৬ ২০২৩, ১৯:৪৫
নিজস্ব প্রতিবেদক ॥ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো আওয়ামী লীগের প্রার্থীর তালিকা। গতকাল রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ তালিকায় বরিশালের ছয়টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহ্বাজ আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ড. শাম্মী আহম্মেদ, বরিশাল-৫ (সদর) আসনে বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর (অব:) আব্দুল হাফিজ মল্লিক। আওয়ামী লীগের সূত্র মতে, বরিশালের ছয়টি সংসদীয় আসনে ৫৫ জন আওয়ামী লীগের নেতাকর্মী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এর মধ্যে বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনে নৌকার কান্ডারি হয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।
এ আসনে তিনি ছাড়া আর কেউ নৌকার মনোনয়ন সংগ্রহ করেনি। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ২০ জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১৩ জন নৌকার মনোনয়ন সংগ্রহ করেছিলেন।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে ৮জন নৌকার মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এ আসন থেকে বাদ পড়েছেন বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। বরিশাল-৫ (সদর) আসনে ৯ জন নৌকার মনোনয়ন সংগ্রহ করেছিলেন। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে নৌকার মনোনয়নপত্র তুলেছিলেন ৭ জন।
