দপ্তরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে- বরিশাল জেলা প্রশাসক
নভেম্বর ১৯ ২০২৩, ১৮:২৩
নিজস্ব প্রতিবেদক ॥ সকল অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকারি অফিসের আশেপাশে সন্দেহভাজন কাউকে দেখলে পুলিশকে খবর দেওয়ার নির্দেশনা দেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
তিনি রবিবার তাঁর সভাকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী দায়িত্ব পালন করবে। তার সাথে নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারী নির্বাচনের দায়িত্ব পালনসহ অন্যান্য কাজে সহযোগিতা করবেন। সভায় সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান জানান, কালাজ্বর নির্মূলে বাংলাদেশ বিশ্বে প্রথম স্বীকৃতি পেয়েছে।
বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ যারা প্রথম কালাজ্বর নির্মূল করতে সক্ষম হয়েছে। পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদ বিন অলীদ জানান, বরিশাল নগরের সাতটি খালের খননসহ উন্নয়ন কাজ আগামী সপ্তাহে শুরু হবে।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহম্মদ মোস্তফা কামাল জানান, আগামী শিক্ষাবছরের জন্য সন্তোষজনক বই পাওয়া গেছে যা চাহিদার প্রায় ৯৪ শতাংশ। এসময় পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই ও ইউএনওসহ বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।
