তপশিলের দিন ৩০ বাহনে ভাঙচুর-আগুন
নভেম্বর ১৬ ২০২৩, ১৯:২২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার দিন বুধবার ৩০ গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া ২টি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ১৭ সদস্য আহত হয়েছেন।বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তপশিল ঘোষণার দিন ১৪টি যানবাহনে ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া মৈত্রী এক্সপ্রেস ট্রেনের জানালাতেও ভাঙচুর চালানো হয়েছে। অন্যদিকে একই দিনে দেশের বিভিন্ন জায়গায় ১৫টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে।
ক্ষয়ক্ষতির পরিসংখ্যানে জানানো হয়, নোয়াখালীতে ১টি ও চাঁদপুরে ৩টি সিএনজিতে, হবিগঞ্জে ২টি প্রাইভেটকার ও ১ কাভার্ডভ্যানে, চাঁপাইনবাবগঞ্জে ১টি কাভার্ডভ্যানে, বগুড়ায় ৫টি মোটরসাইকেলে ও আরএমপির ১টি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া মৈত্রী এক্সপ্রেস ট্রেনের জানালাতে ও একটি স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে।
পরিসংখ্যানে আরও জানানো হয়, একই দিনে ডিএমপি এলাকায় ১টি পিকআপ-১টি প্রাইভেটকার ও ১টি ট্রাক, সিএমপি এলাকায় ২টি বাস, ঢাকা-রাজশাহী ও বগুড়ায় ৩টি ট্রাকে, নাটোরে ১টি কাভার্ডভ্যানে, নোয়াখালীতে ৩টি মোটরসাইকেলে, বগুড়ায় ১টি লরিতে, এসএমপি এলাকায় ১টি লেগুনায় ও কুমিল্লাতে ১টি টেম্পুতে অগ্নিসংযোগ করা হয়েছে। একই সময়ে বগুড়ায় ১টি স্থাপনায় ভাঙচুর ও সিরাজগঞ্জে একটি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়। এছাড়া বগুড়ায় ৫ জন, আরএমপির ৪ জন ও হবিগঞ্জের ৮ পুলিশ সদস্য আহত হন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
