অনলাইনে আইফোন অর্ডার করে হাতে পেলেন সাবান!
নভেম্বর ১৩ ২০২৩, ২০:৪২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: অনলাইনে আইফোন ১৩ অর্ডার দিয়েছিলেন এক যুবক। কিন্তু ডেলিভারির সময় প্যাকেট খুলে চোখ কপালে ওঠে তার। আইফোনের বদলে সেখানে রাখা ছিল সাবান। সম্প্রতি এমন একটি কাণ্ড ঘটেছে ভারতের মহারাষ্ট্রের ঠাণে এলাকায়। সোমবার (১৩ নভেম্বর) এ ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
পুলিশ জানিয়েছে, অনলাইনে আইফোন ১৩ অর্ডার করেছিলেন ২৫ বছর বয়সী ওই যুবক। কিন্তু ডেলিভারির সময় প্যাকেট খুলে হতবাক হয়ে যান তিনি। দেখেন আইফোনের বদলে রাখা আছে তিনটি সাবান। ঘটনাটি গত নভেম্বরের। এ ঘটনায় যুবকের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। উদ্ধার করা যায়নি আইফোনটিও। তবে ভারতে অনলাইনে শপিং করতে গিয়ে এ ধরনের বিড়ম্বনার ঘটনা নতুন নয়। অতীতেও এমন ঘটনার খবর প্রকাশ্যে এসেছে।
