বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছে অবস্থান স্পষ্ট করেছে ভারত
নভেম্বর ১০ ২০২৩, ২০:১৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামনে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। শুক্রবার (১০ নভেম্বর) ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রীদের ‘টু-প্লাস-টু’ বৈঠকে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে তুলে ধরা হয়।
বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা জানান, একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে সেদেশের মানুষ যেভাবে দেখতে চায়, সেই ‘ভিশন’কে ভারত কঠোরভাবে সমর্থন করে। বাংলাদেশের নির্বাচন সেদেশের অভ্যন্তরীণ বিষয় এবং সেদেশের মানুষই তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
বৈঠকের পরে এক বিশেষ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি খুবই স্পষ্ট করে তুলে ধরেছি আমরা। তৃতীয় কোনও দেশের নীতিমালা নিয়ে আমাদের মন্তব্য করার জায়গা নেই। বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। সেদেশের মানুষ তাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। এক বন্ধু এবং সঙ্গী দেশ হিসাবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানাই আমরা। একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে সেদেশের মানুষ যেভাবে দেখতে চায়, সেই ‘ভিশন’কে ভারত কঠোরভাবে সমর্থন করে।
তিনি একটু জোর দিয়েই বলেন, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমরা যেভাবে পরিস্থিতি পর্যালোচনা করি, সেটা খুব স্পষ্ট করে তুলে ধরেছি। তবে ‘টু প্লাস টু’ বৈঠকের পরে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্টের পক্ষ থেকে কোনও বিবৃতি বা সংবাদ সম্মেলন করা হয় নি। প্রসঙ্গত, শুক্রবার নয়াদিল্লিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ে বার্ষিক ২+২ সংলাপ অনুষ্ঠিত হয়। এই সংলাপে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অংশ নেন।
