বিএম কলেজের প্রশাসনিক ভবনে ছাত্রদলের তালা
নভেম্বর ০৬ ২০২৩, ১৮:৪৮
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে ছাত্রদল। একই সঙ্গে নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার টানিয়ে অবরোধ সফল করার আহ্বান জানানো হয়।
তবে তালাবদ্ধ করার ঘটনায় প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রমে বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া।
তিনি জানান, রোববার (৫ অক্টোবর) রাতে কিছু ছেলে প্রশাসনিক ভবনের গেটে তালা ও একটি ব্যানার ঝুলিয়ে যায়। তা দেখতে পেয়ে কলেজের নিরাপত্তাকর্মীরা এবং দায়িত্বরত টহল পুলিশ তালা ভেঙে ফেলে। সকাল থেকে স্বাভাবিকভাবেই একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলেছে।
বরিশাল মহানগর ছাত্রদল থেকে জানানো হয়েছে, অবরোধ সফল করতে মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তসলিমের নেতৃত্বে শিকল ও তালা ঝুলানো হয়।
