ভেঙে পড়ল ভারতীয় বাহিনীর হেলিকপ্টার, নিহত ১
নভেম্বর ০৪ ২০২৩, ১৮:৩৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল।। ভারতের কেরালা রাজ্যের কোচিতে আজ শনিবার দেশটির নৌবাহিনীর চেতক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। নৌ সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা পিটিআই এ তথ্য নিশ্চিত করেছে। এতে অন্তত একজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কোচিতে নৌ বাহিনীর বিমান ঘাঁটিতে অবতরণের পরই রানওয়েতে চেতক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়। তবে এ নিয়ে ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, কোচির কাছে উইলিংডন আইল্যান্ডে ভারতীয় নৌবাহিনীর বিমানঘাঁটির বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার দুপুরে ভারতীয় নৌবাহিনীর ওই চেতক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি আইএনএস গারুদা থেকে পরিচালিত হতো। তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
