মেঘনায় জেলের জালে ২০ কেজির পাঙ্গাশ
নভেম্বর ০৩ ২০২৩, ১৮:৩৩
ভোলা প্রতিনিধি ॥ ছোট একটি ডিঙ্গি নৌকায় একাই মাছ ধরেন ভোলার রাজাপুরের জামাল মাঝি। নৌকাটি এতো ছোট যে, কোন ভাগি নেয়ার প্রয়োজন হয় না। ছোট্ট এ নৌকায় ১৯ কেজি ৬০০ গ্রাম ওজনের পাঙ্গাশ মাছ ধরে বাজিমাত করেছেন জামাল।
২২ দিনের নিষেধাজ্ঞার পর ভোলা ইলিশা ঘাটে আসা সবচেয়ে বড় পাঙ্গাশ শিকারি তিনি। বিক্রি করেছেন ১০ হাজার টাকায়। মেঘনায় জেলের জালে ২০ কেজির পাঙ্গাশ শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় ইলিশা ঘাটে বড় বড় নৌকার ফাঁকে ভিড়ানো জামাল মাঝির তিন তক্তার ডিঙ্গি নৌকাটি কারো চোখেই পড়েনি। কিন্তু ওই নৌকা থেকেই নামিয়ে আনা হয় এই দিনের সবচেয়ে বড় পাঙ্গাশ মাছটি।
জামাল মাঝি জানান, নিষেধাজ্ঞার পর শুক্রবার সকালে অল্পকিছু কারেন্ট জাল নিয়ে তিনি মেঘনায় মাছ ধরতে যান। তার নৌকাটি ছোট হওয়ায় নদীর মাঝে যেতে পারেন নি। তীরের কাছাকাছিই জাল পাতেন তিনি।
জাল টেনে তোলার সময় কয়েকটি জাটকার সঙ্গে পাঙ্গাশ মাছটি উঠে আসে। ঘাটে আনার পর পাটোয়ারী কোম্পানির আড়তে ১০ হাজার টাকায় বিক্রি করেছেন। এতে বেশ খুশি জামাল। নিষেধাজ্ঞার কারণে অভাব অনটনের সংসারে কিছুদিনের জন্য স্বচ্ছলতা ফিরে আসবে বলে জানান তিনি। আড়ত মালিক জানান, শুক্রবার ঘাটে অনেকগুলো পাঙ্গাশ বিক্রি হয়েছে। সেগুলো ছিল ৮/১০ কেজির মধ্যে।
জামালের পাঙ্গাশটি ওজনের সবচেয়ে বড় ছিল। এটি তিনি ঢাকার মোকামে পাঠাবেন। জামাল মাঝির বাড়ি ভোলা সদর উপজেলার রাজাপুর গ্রামে।
