সংলাপের মাধ্যমেই রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে

অক্টোবর ৩০ ২০২৩, ১৭:৫৯

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সারা পৃথিবীতে অনেক সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই হয়েছে। সংলাপের তো কোনো বিকল্প নেই। সেটি আমাদেরও করতে হবে। আমরাও মনে করি সংলাপের মাধ্যমেই আমাদের এ সমস্যা সমাধান করতে হবে। কিন্তু প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হবে, পালানোর জায়গা পাবে না- প্রতিদিন এ কথা বললে কি সংলাপ হবে। সেই সংলাপ তো ফলপ্রসূ হবে না। আমরা সংলাপের বিরুদ্ধে না কিন্তু দরজা বন্ধ করে দিয়ে তো সংলাপ করা যাবে না।

সোমবার ( ৩০ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিএনপির সমালোচনা করে কৃষি মন্ত্রী বলেন, তারা যদি বলে যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। এ সরকার থাকলে নির্বাচনে যাবে না।

এই নির্বাচন কমিশনের আওতায় তারা নির্বাচন করবে না- এই দুটি কথা তারা এমনভাবে বলেছেন, এখানে আলোচনা করে কী হবে! সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার সুযোগতো এই মুহূর্তে নেই। কাজেই সেটা তো হবে না। নির্বাচন কমিশনতো আলাপ-আলোচনার মাধ্যমেই করা হয়েছে। সেই নির্বাচন কমিশন না থাকলে নির্বাচন কিভাবে হবে।

তিনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে আগামী ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। নতুন সরকার গঠন করে কার্যকর করতে হবে, সংসদ বসতে হবে। এই বেসিক ইস্যুগুলো তারা যদি মেনে নিতো, তখন আমরা অবশ্যই তাদের সঙ্গে বসে কীভাবে নির্বাচনটা সুন্দর করা যায়, কোন কোন এসপি বা ডিসিকে সরাতে হবে সেটা যদি বলে বা অন্য কোনো প্রস্তাব দেয় সেটা আলাপ-আলোচনা করে ঠিক করা যেতে পারে। বিএনপির তিনদিনের অবরোধ কর্মসূচির বিষয়ে কৃষি মন্ত্রী বলেন, এ পরিস্থিতিতে তারা রাজনৈতিকভাবে এটা মোকাবিলার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।

তিনি বলেন, আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার সভা-সমাবেশ করার, বিক্ষোভ করার; কিন্তু বিশৃঙ্খলা, সহিংসতা, হিংস্রতা, তারা যে সন্ত্রাসের পথে যাচ্ছে এটা জাতি কোনো দিনই অনুমোদন করে না। এমনিতেই মানুষ তাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। কাজেই শত সহিংসতা করেও তারা সফল হবে না। ড. রাজ্জাকা বলেন, ইনশাআল্লাহ নির্বাচন হবে এবং তাদের শুভবুদ্ধির উদয় হবে একটা মুহূর্তে তখন তারাও নির্বাচনে আসবে। তারা আন্দোলনে সফল হতে পারবে না।

২৮ অক্টোবর বিএনপি সমাবেশ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, তার বাসাও প্রধান বিচারপতির বাসার কাছে। তাই তিনি বাসা থেকে সব দেখেছেন। তার বাসার স্টাফরাও ছিল। তারা বলেছে, এটা প্রধান বিচারপতির বাসা। ওরা বলছে এটাই আগে ভাঙতে হবে। বিচার করে করে আমাদের লোকজনদের ফাঁসি দিছে বিচারপতিরা।

তারা জেনে সুপরিকল্পিতভাবে প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে। যারা করেছে তারা রাজনৈতিকভাবে বিএনপির প্রথম সারির কর্মী এবং তারা সচেতন। ফের সহিংসতা করলে কঠোর হস্তে এটা মোকাবিলা করা হবে জানিয়ে ড. রাজ্জাক বলেন, পৃথিবীর কোথাও নেই যেখানে পুলিশের ওপর আক্রমণ করা হয়। পুলিশের গাড়ি পোড়ানো হয়। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের যে ভিত্তি, ইচ্ছা করলে আওয়ামী লীগের মতো সরকারকে ক্ষমতা থেকে সরানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন....