গৌরনদীতে দুই বিএনপি নেতা গ্রেপ্তার ॥ বাসায় তল্লাশী
অক্টোবর ২৮ ২০২৩, ১৩:৪৮
গৌরনদী প্রতিনিধি ॥ বিএনপি’র মহাসমাবেশকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার ও বাসায় তল্লাশি চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার মাহিলাড়া গ্রামের সুন্দর আলী খানের ছেলে বিএনপি নেতা শাহাদাত খান ও কটকস্থল গ্রামের নুর মোহাম্মদ মোল্লার ছেলে বিএনপি নেতা দেলোয়ার মোল্লা।
শুক্রবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাওসার তালুকদার অভিযোগ করে বলেন, শুক্রবার দিবাগত রাত একটার দিকে তার কমলাপুরস্থ বাসায় তল্লাশী চালিয়েছে পুলিশ।
একই সময় বিএনপি নেতা হায়দার তালুকদারের বাসায়ও তল্লাশি চালানো হয়। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, বিস্ফোরকদ্রব্য আইনের একটি পূরানো মামলার পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
অপরদিকে বিএনপি’র মহাসমাবেশে যোগদানের উদ্দেশ্যে ঢাকায় গিয়ে গৌরনদী-আগৈলঝাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের সাত নেতাকর্মী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। ঢাকার রায়েরবাজার এলাকা থেকে তাদের গেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা যুবদলের যগ্ন আহবায়ক কাওসার তালুকদার।
গ্রেপ্তারকৃতরা হলো- গৌরনদী পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল সরদার, যুবদল নেতা নয়ন মৃধা, জনি রাঢ়ী, ছাত্রদল নেতা ইমরান আকন, সাইম ও মোরশেদ।
