ঘূর্ণিঝড় হামুনে কক্সবাজারে ৩ জনের মৃত্যু, বিদ্যুৎবিহীন জেলা

অক্টোবর ২৫ ২০২৩, ১১:০১

আমার বরিশাল ডেস্ক,

ডেস্ক প্রতিবেদক ‍॥ ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে গাছ চাপা ও দেয়াল ধসে কক্সবাজারে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মহেশখালীর হারাধন, চকরিয়া বদরখালীর আসকর আলী এবং শহরের পাহাড়তলীর আব্দুল খালেক। এছাড়া এখনো বিদ্যুৎবিহীন রয়েছে জেলা, বিধ্বস্ত হয়েছে একাধিক ঘরবাড়ি। দেড় ঘণ্টার তাণ্ডবের পর শান্ত হয় হামুন।

তীব্র বাতাস আর বৃষ্টিতে গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় শুরু হয় ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডব। পুরো শহরজুড়ে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। উত্তাল হয়ে পড়ে সমুদ্রসৈকত। সাথে বেড়ে যায় পানির উচ্চতাও। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় কক্সবাজার।

কক্সবাজারের আবহাওয়াবিদ মো. ইমাম উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় হামুন অনেকটা দূর্বল হয়ে কক্সবাজার উপকূল অতিক্রম করছে।

এদিকে শহরের গাছপালা পড়ে রাস্তা বন্ধের পর পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরি সরেজমিনে গাছ কেটে যান চলাচলের ব্যবস্থা করার উদ্যোগ নেন । এ সময় তিনি বলেন, মানুষ মনে করেছিলো ঘূর্ণিঝড় হামুন মধ্যরাতে আঘাত হানতে পারে কিন্তু কোনকিছু বুঝে উঠার আগেই এমন তানণ্ডবের শিকার হতে হয়েছে। এরপরেও পাহাড়ে ঝুকিঁতে বসবাস করা মানুষদের নিরাপদ আশ্রয়ে আনার জন্যে পৌর পরিষদের সবাই কাজ করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই দূর্যোগপূর্ণ পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ বলেন, ‘ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবে উদ্ভূত দুর্যোগ পরিস্থিতি মোকাবেলাসহ আপদকালীন সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদানের জন্য কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও, উখিয়া, টেকনাফ, চাকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী-এই ৯ উপজেলার জন্য ৫০ হাজার টাকা করে সর্বমোট সাড়ে ৪ লক্ষ টাকা অর্থ ও ১৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে চাহিদা ও প্রয়োজনীয়তার আলোকে আরো বরাদ্দ দেওয়া হবে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার হলো ০১৮৭২৬১৫১৩২।

তিনি আরও জানান, ৫ লাখ ৫ হাজার ৯৯০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন জেলার ৫৭৬ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও জেলায় ১১ লাখ ২৫ হাজার নগদ টাকা, ৬৪০ মেট্রিক টন চাল ও ৭০০ বান্ডিল ঢেউটিন মজুদ রয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ৫ হাজার প্যাকেট শুকনো খাবারের জন্যে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এছাড়া রাতে জেলা প্রশাসনের নিয়ন্ত্রন কক্ষ থেকে জানা গেছে, ৪০ হাজারের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে।

সংবাদটি শেয়ার করুন....