বরিশাল বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

অক্টোবর ২৪ ২০২৩, ১৯:২৮

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘‘হামুন’’ মোকাবেলায় বরিশাল বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আজ বিকেল তিনটায় সার্কিট হাউজ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী সভাপতিত্ব করেন। সভায় স্থানীয় সরকারের পরিচালকে খোন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক শহীদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠী ও ভোল জেলার জেলা প্রশাসকরা জুমে সংযুক্ত ছিলেন।

তাঁরা তাদের সব ধরণের প্রস্তুতির কথা জানিয়েছেন। তারা বলেন, রাত আটটার মধ্যে স্থানীয় মানুষদের সাইক্লোন সেন্টারে নিরাপদ আশ্রয়ে নিবেন। যানবাহনসহ তাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। বিভাগীয় কমিশনার জানান, বরিশাল জেলায় তিন হাজার তিনশত পচাত্তরটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। সেখানে ষোল লাখের অধিক মানুষ আশ্রয় নিতে পারবেন। এছাড়াও ৫২টি মুজিবকেল্লা প্রস্তুত আছে।

এক হাজার তিনশত ৮০ মেট্রিক টন চাল, ২৪ লক্ষ টাকা, দুই হাজার কম্বল মজুদ রয়েছে। নিরাপদ আশ্রয়ের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখাসহ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে কর্মস্থলে থাকাতে বলা হয়েছে। প্রতিটা সেন্টারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে নির্দেশ দেন তিনি। এসময় শারদীয় দুর্গাপূজার প্রতীমা বিসর্জন সন্ধ্যার মধ্যে শেষ করতে বলেন বিভাগীয় কমিশনার।

বিভাগীয় কমিশনার আরও জানান, সরকারি কর্মকর্তাদের সকলের ছুটি বাতিল করতে নিজ নিজ দপ্তর প্রধানদের বলা হয়েছে। এছাড়াও ঢাকাগামী লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। জেলা স্বাস্থ্য পরিচালক জানান, সকল আশ্রয়কেন্দ্রে ডায়বেটিস, প্রেসার ও সাঁপেকাটার ওষধ সরবরাহের ব্যবস্থা তাদের রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....