ববি’র শিক্ষার্থীকে তুলে নিয়ে কক্ষে আটকে রাতভর নির্যাতন
অক্টোবর ১৪ ২০২৩, ১৯:৪১
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু হলের এক শিক্ষার্থীকে কক্ষে আটকে রাতভর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থীর একটি হাত ভেঙ্গে দেয়া হয়। হামলায় আহত শিক্ষার্থী হচ্ছেন ইংরেজী বিভাগের ১০তম ব্যাচের মুকুল আহমেদ হলের ৫০২০ কক্ষের বাসিন্দা।
বর্তমানে মুকুল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীরা হলো- একই বিভাগের ৮ম ব্যাচের মঞ্জু ও শিহাবসহ তার সহযোগীরা। তারা বঙ্গবন্ধু হলের ৪০১৮ নম্বর কক্ষের বাসিন্দা। হাসপাতালে চিকিৎসাধীন মুকুল অভিযোগ করেন, ১৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে তার কক্ষে এসে হানা দেন অভিযুক্তরা।
এক পর্যায়ে জোরপূর্বক তুলে নিয়ে যায় ৪০১৮ নম্বর কক্ষে। সেখানে নিয়ে চেয়ার এবং লাঠিসোটা দিয়ে রাতভর তার উপর অমানুষিক নির্যাতন চালানো হয়। পরদিন গতকাল শুক্রবার সকালে সহপাঠীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে কি কারনে তার উপর এ নির্যাতন চালানো হয়েছে তা মুকুল জানে না।
তার (মুকুল) ধারণা জুনিয়র ব্যাচের শিক্ষার্থীদের কে বা কারা দেখা করতে বলে। হামলাকারীদের ধারনা মুকুল তাদের দেখা করতে বলেছে। এ নিয়ে মুকুলের সাথে তার সহপাঠীদেরও বাগবিতন্ডা হয়। কিন্তু মুকুল কোনভাবেই এর সত্যতা পাচ্ছিল না। মুকুল বলেন, হামলাকারী মঞ্জু ও শিহাব ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
তারা ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে জুনিয়রদের সাথে নেয়। এমনকি তাদের সাথে থাকতে বাধ্য করে। এ কারনে তারা এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত হয়েছে। একই সাথে ক্যাম্পাসে জুনিয়রদের ভয়তে রাখাও এর একটা কারন বলে জানান মুকুল। হামলাকারী মঞ্জুর বলেন, তিনি এ ঘটনার সাথে জড়িত না। কে বা কারা মুকুলকে ধরে নিয়ে রাতভর নির্যাতন চালিয়েছে তা তারা জানা নেই। প্রতিপক্ষের রাজনীতির সাথে মুকুল জড়িত হওয়ায় সে তাদের ফাঁসাতে মিথ্যা অভিযোগ করছে।
এ ব্যাপারে বঙ্গবন্ধু হলের প্রভোষ্ট ও ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক আরিফ হোসেন বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। তবে এ ঘটনার তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। এদিকে অভিযোগ রয়েছে ক্যাম্পাসে এ ধরনের একাধিক ঘটনার সাথে জড়িত রয়েছে মঞ্জু ও শিহাব। তাদের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় ৫টি মামলা রয়েছে। এর মধ্যে মঞ্জুর বিরুদ্ধে ৩টি এবং শিহাবের বিরুদ্ধে ২টি।
