বরিশালে বিশ্ব মান দিবস পালিত
অক্টোবর ১৪ ২০২৩, ১৮:৫১
নিজস্ব প্রতিবেদক ॥ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’ প্রতিপাদ্য নিয়ে বরিশালে ৫৪তম বিশ্ব মান দিবস পালন করা হয়। দিবসটি পালন উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আহসান হাবিব। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য আমাদের সচেতসনতা বাড়াতে হবে। কমমূল্যে পণ্যের গুনগত মান বজায় রাখতে হবে। অধিক টাকা দিয়ে ক্রয় করলেই যে, পণ্য মানসম্মত হবে সেটা নয়। মানসম্মত পণ্য আমাদের সবার কাম্য। মানহীন পণ্য বিক্রি করা অপরাধ।
সবাই সচেতন না হলে শুধু ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে খাদ্য ও পণ্যের মান নির্ধারণ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, মান নেই, তো নিরাপত্তা নেই। তাই পরিবার ও রাষ্ট্রের নিরাপত্তার কথা ভেবেই পণ্যের মানের দিকে সচেতন হতে হবে। ভেজাল প্রতিরোধে আমাদের নিজেদের সচেতন হতে হবে, পাশাপাশি অন্যদের সচেতন করতে হবে। মানুষদের ঠকানো বা প্রতারণা করার জন্য ব্যবসা করা উচিত নয়।
আমাদের দেশের পণ্য সামগ্রী দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া যায় সে রকম পণ্য উৎপাদন করতে হবে। অসাধু ব্যক্তি পণ্য উৎপাদন ক্রয় বিক্রয় থেকে বিরত থাকার কথা বলেছেন উপস্থিত বক্তারা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও বিএসটিআই-এর আয়োজনে অনুষ্ঠানের শুরুতে সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
