দুমকিতে ছাত্রলীগের মিছিলে ছাত্রদলের হামলা

অক্টোবর ০৮ ২০২৩, ১৮:৩২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রলীগের মিছিলে ছাত্রদল নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্রলীগের ২ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ শাহরিয়ার শাহাদাতকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল ১০টার সরকারি জনতা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল করে কলেজ ক্যাম্পাসের গেটে অবস্থান নেয় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ছাত্রদল মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকতে চেষ্টা করলে ছাত্রলীগ গেটে তাদের বাধা দেয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে ছাত্রলীগের ওপর অতর্কিত হামলা চালালে ছাত্রলীগের দুজন আহত হন।

আহতরা হলেন- ডিগ্রি ২য় বর্ষের ছাত্র আবু সুফিয়ান ও ডিগ্রি ১ম বর্ষের আবু নাইম হাওলাদার। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সবুজ সিকদার বলেন, যেহেতু এ ঘটনায় আমাদের দুজন নেতাকর্মী আহত হয়েছেন, তাই দুমকি থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

অভিযোগ অস্বীকার উপজেলা ছাত্রদলের সভাপতি চাকলাদার গোলাম সরোয়ার বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে কলেজ গেটে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় পরবর্তীতে নতুনবাজার এলাকায় বসে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ওপরও হামলা করে। বর্তমানে আমি পটুয়াখালী জেলা সদর হাসপাতালে ভর্তি আছি।

ঘটনার সত্যতা স্বীকার করে সরকারি জনতা কলেজের অধ্যক্ষ আ. লতিফ হাওলাদার বলেন, অনুষ্ঠান চলাকালে বাইরে সংঘর্ষ হয়েছে। তবে কে বা কারা আহত হয়েছে তা আমার জানা নেই। দুমকি থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, অধ্যক্ষের ফোন পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনায় জড়িত ছাত্রদলের এক নেতাকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....